মেহেদী হাসান : সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবল ইচ্ছা রয়েছে দেশটাকে সুন্দর করার।
শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দপ্তরে এসে দিনের বেলায় পর্দা দিয়ে রুম ঢেকে রাখা-অযথা এসি চালানোসহ সব বিয়য়ে নজর রয়েছে তার। এমনকি সড়কে যানজটে দাড়িয়ে মানুষের কাতারে যাওয়া অথবা তার পোশাকে আমাদের সহজ জীবনের বার্তা দেয়।
প্রতিমন্ত্রী বলেন, ৭ ই নভেম্বরের পরে বাংলাদেশের যে নবযাত্রা শুরু হয়ে এখন আবার সুযোগ এসেছে বাংলাদেশকে গড়ে তোলার। সবাই মিলে বাংলাদেশটাকে আবার ঠিক করি।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধের ৫৫ বছর পরে খুব জানতে ইচ্ছে করে, দেশটা কেমন আছে, দেশের মানুষ কেমন আছে। একটা অশান্ত দেশে আমরা বাস করছি। কোনোভাবেই এ দেশে একটি রাজনৈতিক সমঝোতা তৈরি হচ্ছে না। বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে না। যিনি ক্ষমতায় যাচ্ছেন, তিনি যে উদ্দেশ্য নিয়ে লড়াই করেছিলেন, ক্ষমতায় যাওয়ার পর সেই উদ্দেশ্য ভুলে যাচ্ছেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের এত বছর পরও দেশের রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন আমাদের ভাবিয়ে তোলে। একটি দেশের অগ্রযাত্রার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ সংগ্রাম করেছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সহকারী কমিশনার এস এম রায়হানুল ইসলাম ও জেলা তথ্য অফিসার রেখা ইসলামের সঞ্চালনায় সভায় রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বাকাউল আবুল হাসেম প্রমুখ বক্তৃতা করেন। এ সময় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন