গোয়ালন্দে মাদক-নারী নির্যাতন ও অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে এ উঠান বৈঠক ও সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার হোসেন মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ সফিকুল ইসলাম বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ
সমাজ গঠনের অন্যতম বড় বাধা। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর রাখার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে পরিবার থেকেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ব্যবসা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে তা গোপন না রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা বলেন, অপরাধ দমনে পুলিশ সব সময় তৎপর রয়েছে। তবে অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করা জরুরি। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা, পারিবারিক শিক্ষা ও সামাজিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোঃ মুক্তার হোসেন মৃধা বলেন, মাদকের মতো অপরাধ দমনে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না। এখানে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।