সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে আশিকুল ইসলাম নামক এক জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মুনতাসির হাসান খান।
বুধবার (১১ নভেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় কৃষিপণ্য বিক্রয়ে অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দারের উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে কৃষিপণ্য বিক্রয়ের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়। এ সময় নজরুল এন্টারপ্রাইজ এ বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে আশিকুল ইসলাম নামক এক ব্যক্তিকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, আমরা একটি অনিয়মের খবর পাই। এরপর উপজেলা কৃষি অফিসারের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করি। সেখানে গিয়ে দেখতে পাই, দোকানের কোনো বৈধ ট্রেড লাইসেন্স ও ডিলারশিপ নেই। তারা অনুমোদন ছাড়াই সার বিক্রি করছিলেন। কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম-কানুন ও অনুমোদন নিশ্চিত করা জরুরি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিপণ্য বিক্রয়ে অনিয়ম, অনুমোদনবিহীন সার ও কীটনাশক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন