মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় টিনের চাল কেটে একটি কম্পিউটার ও স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে নগদ ৬৫ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী, ক্যামেরা, প্রিন্টারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় ডা. জালাল সুপার মার্কেটে অবস্থিত ‘শ্যামলা কম্পিউটার অ্যান্ড স্টেশনারি’ দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক মোঃ রাশেদ হোসেনের অভিযোগ, গভীর রাতে অজ্ঞাতনামা চোরের দল দোকানের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে দোকান খুলতে গিয়ে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৬৫ হাজার টাকা, একটি সিসিটিভি ক্যামেরা, দুটি প্রিন্টার, একটি ক্যামেরা, একটি ইনভার্টার, পাঁচটি পুরোনো প্রিন্টার, একটি মাউস ও একটি ব্যাংক কার্ড।
এ ঘটনায় দোকান মালিক মোঃ রাশেদ হোসেন পাংশা থানায় লিখিত আবেদন করেছেন।
আবেদনে রাশেদ হোসেন উল্লেখ করেন, তিনি আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার ডা. জালাল সুপার মার্কেটে ‘শ্যামলা কম্পিউটার অ্যান্ড স্টেশনারি’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। চুরির ঘটনায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন