মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব (নবাই সর্দার) কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ব্যাডমিন্টন সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নবাবপুর ইউনিয়নের বড় হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ব্যাডমিন্টন সামগ্রী তুলে দেওয়া হয়। ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
আব্দুর রব (নবাই সর্দার) বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা তাদের মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুস্থ, মেধাবী ও মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোমলমতি শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন