স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাবে না। আপাতত রাজবাড়ীর কালুখালী স্টেশনেই যাত্রা শেষ করবে ট্রেনটি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি রাজবাড়ীর কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত রাজবাড়ীর কালুখালী স্টেশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে।
ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের রাজবাড়ীর কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু হবে।
গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে ছেড়ে আসা গোবরাগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি এখন রাজশাহী থেকে রাজবাড়ীর কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে ট্রেনটির কালুখালী-গোবরা অংশে চলাচল সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে।
রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে।
তিনি জানান, কালুখালী থেকে গোবরা পর্যন্ত সাময়িক চলাচল স্থগিত করায় এ ১১টি স্টেশনের যাত্রীদের সবাইকে কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে যেসব যাত্রী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে রাজশাহী আসতে চান, তাদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশিত বার্তায় বলা হয়েছে, রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী ৭৮৩/৭৮৪ আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিকে কালুখালী-গোবরা রুট থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।
বার্তায় আরো জানানো হয়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৮৪ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি (এমটি) রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে ৭৮৩ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রেক নির্ধারিত সময়ে রাজবাড়ী থেকে কালুখালী জংশনে পৌঁছাবে এবং সেখান থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন