মাসুদ রেজা শিশির : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কে নিত্য দিনের মতোই স্বাভাবিক ভাবে চলাচল করছে দূরপাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। নিষিদ্ধ সংগঠনের কাউকেই দেখা যায়নি মহাসড়কে।
বৃহস্পতিবার সারাদিন পাংশার শিয়ালডাঙ্গী থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল ও লোকজনের স্বাভাবিক চলাচল লক্ষ করা গেছে।
পাংশা বাজারের কনফেকশনারী দোকানদার আলীম হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসাযয়িক কাজ পরিচালনা করছি। অন্যান্য দিনের মতো আজকেও সবকিছু স্বাভাবিক। যান চলাচল, মানুষের চলাচল এবং মানুষের কাছে মনে হচ্ছে না যে আজকে কিছু ডেকেছে কেউ!
বৃহস্পতিবার দিন ভর রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের নেত্বতে মহাসড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়ে মিছিল করতে দেখা গেছে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ বলেন, দিন- রাত আমরা মহাসড়কে অবস্থান করেছি। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি, আমাদের বিএনপি ও অঙ্গসংগঠন গুলো মাঠে আছে। যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।
সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান বলেন, যেকোনো অরাজকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী টহলে আছে। আমাদের জেলার কোন এলাকায় কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন