সিরাজুল ইসলাম : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট ও বাসে অগ্নিসংযোগসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিন করা হয়।
বিকেলে রেলস্টেশন-সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মোল্লা বলেন, দেশের মানুষের প্রত্যাশা শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ। যারা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে আতঙ্ক ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। আগুন-সন্ত্রাস, অস্ত্র লুট ও সহিংসতার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজবাড়ীর গোয়ালন্দে নৈরাজ্য করার চেষ্টা করা হলে তাদেরকে প্রতিহত করা হবে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন