কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছচাষি মোঃ পিয়াল মোল্লা (২৬)। তিনি এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পিয়াল মোল্লা উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি মহেন্দ্রপুর পূর্বপাড়া আল-আকসা জামে মসজিদের ইমাম হিসেবে দীর্ঘ ছয়-সাত বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি লিজ নেওয়া পুকুরে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টা সরেজমিনে গিয়ে দেখা যায়, পিয়াল মোল্লার লিজ নেওয়া পুকুরে ছোট বড় মরা মাছ ভেসে ভাসমান অবস্থায় রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৫ অক্টোবর রাত ২টার দিকে ইরফান শেখ (৪৩) ও কাশেম শেখ (৫৫) পরস্পর যোগসাজশে তাঁর লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে তাঁর ২ লাখ টাকার ক্ষতি হয়।
এ ছাড়াও গত ১৮ নভেম্বর ২০২৬ রাত ৮টার দিকে স্থানীয় একটি মসজিদের মাহফিলে পিয়াল মোল্লার শ্বশুর মোঃ জসিম মোল্লাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় মাছ চাষ বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
পরবর্তীতে গত ১৯ নভেম্বর সকালে আগের পুকুর থেকে প্রায় ৫০০ গজ দূরে অবস্থিত ৩৫ শতাংশের আরেকটি পুকুরেও বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন পিয়াল মোল্লা। ওই পুকুরের মাছও মরে ভেসে থাকতে দেখেন তিনি। এতে আরও ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। সব মিলিয়ে দুটি পুকুরে প্রায় ৪ লাখ টাকার আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এ ঘটনার সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান চান। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলীর নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু সমাধানের পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মাস্টার, আলাই মাতবার, কিসমত শেখ, লকাই সাধু, মিজানুর রহমান, বক্কার মোল্লা, জাহিদ বেপারী, সুবহান শেখ, আজিজ পরামানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর একটাই দাবি—ঘটনার দ্রুত ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এ ঘটনায় কালুখালী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়ে তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পিয়াল মোল্লা।
এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির আইসি এস আই মোঃ জাকির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি মাছ মরে ভেসে উঠার সত্যতা পাওয়া গেছে এবং ঘটনাটির তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন