সোহেল রানা : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রতারণার মাধ্যমে পতিতালয়ে এনে জোরপূর্বক পতিতাবৃত্তি করানো ও নির্যাতন করার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামীকে যাবৎজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত।
দন্ডপ্রাপ্তরা হলো, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারিনী ও বাহির চর দৌলতদিয়ার মজি ফকির পাড়ার বাসেদের ছেলে মজি ফকির। রায় প্রদানের সময় আসামীরা পলাতক ছিলেন।
বুধবার দুপুরে রাজবাড়ীর মানব পাচার ও অভিবাসী চোরা চালান অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ( জেলা ও দায়রা জজ ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার অভিযোগে প্রকাশ, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির নাম করে প্রতারণামূলকভাবে বাসযোগে রাজবাড়ীর দৌলতদিয়া নিয়ে আসে এক যুবতীকে। রাত সাড়ে দশটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পিছনের গেট দিয়ে প্রবেশ করে ও মজি ফকিরের বাড়িতে রাখেন । ভয় ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে। পতিতাবৃত্তিতে অস্বীকার করায় ২০১৫ সালের ১৭ নভেম্বর রাত ৯ টা থেকে ১৮ নভেম্বর সকাল দশটা পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন মজি ফকিরের বাড়ী থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করে। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মকর্তা ও সাংবাদিক শেখ রাজীবের সহায়তায় সুস্থ হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ীর মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর মোঃ জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দোষী সাব্যস্ত হওয়ায় রোজী সরদারিনী ও মজি ফকিরের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ১১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদানের রায় দেন। এতে ন্যায় বিচার পেয়েছে বাদী। রায়ে আমরা সন্তুষ্ট।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন