এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা পৌর যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৫), মৌরাট ইউনিয়ন যুবলীগের কর্মী মোঃ সাইফুজ্জামান শুভ (৩৬) এবং পাংশা পৌর ছাত্রলীগের কর্মী মোঃ রুবেল সরদার (২৪)। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ওরফে রাজার পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের কাউন্সিলর আবুল হোসেনের ছেলে, সাইফুজ্জামান শুভ মৌরাট ইউনিয়নের শওকত আলী সরদারের ছেলে এবং রুবেল সরদারের পৌরসভার মৈশালা বড়গাছি গ্রামের আব্দুল রাজ্জাক সরদারের ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াই টার দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন