স্টাফ রিপোর্টার : রাজধানীর ওয়ারীতে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে হোটেলটির ম্যানেজার নাঈমুর রহমানকে (২৪) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুর রাজ্জাক (৫০) ও স্টাফ মোহাম্মদ হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন। নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পূর্ব উজানচড় গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা। ওই হোটেলেই থাকতেন তিনি। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে ওয়ারী জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দুজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ মোহাম্মদ হাসান এগিয়ে আসেন। তাদেরও কুপিয়ে আহত করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। তবে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম ও মোহাম্মদ হাসানের পেটে ছুরিকাঘাত রয়েছে। ঢামেকে চিকিৎসা শেষে তারা শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি আছেন।
নিহতের চাচা মোঃ লাবলু বলেন, তার ভাতিজা হোটেলের ম্যানেজারের চাকরির পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করতেন। সম্প্রতি মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বাবা অন্ধ হওয়ায় সংসারের হাল ধরেন নাঈমুর। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে হোটেলের সামনে অবৈধভাবে মুরগির দোকান বসানো হয়। এরপর হোটেলের নিরাপত্তাকর্মী মুরগির দোকান উঠিয়ে দেন। এ ঘটনার জেরে এ হামলা হতে পারে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন