গোয়ালন্দে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক মোঃ রাসেল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোঃ রাসেল শেখ ওই গ্রামের মোঃ ছলিম শেখের ছেলে। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর ফয়জুদ্দিন মাতুব্বরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ ডিসেম্বর গোয়ালন্দঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন রেজা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।