সোনাপুর মীর মশাররফ হোসেন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজে একাদশ জেনারেল ও একাদশ বিএমটি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দ আসন গ্রহণ করেন। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ সোহাগ হোসাইন এবং গীতা পাঠ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়া বিশ্বাস।
কলেজের অধ্যক্ষ কামাল হোসেন খানের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক ভবেন্দ্র নাথ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুজ্জামান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার করে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পরিচালনা কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।
বিদ্যুৎসাহী সদস্য ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু বলেন, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ভালো ফলাফলের পাশাপাশি সততা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
শিক্ষক প্রতিনিধি মালেকা আক্তার, রঞ্জনা রানী গোস্বামী, আবু সালেহ্ মোঃ ওয়াজেদ আলী এবং কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহ জালাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহ জালাল বলেন, কলেজে নবাগত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নিয়ম-কানুন ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ কামাল হোসেন খান বলেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যতের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাবেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান।
নবীনদের পক্ষে বক্তব্য দেন নবীন শিক্ষার্থী নাফিজা আনজুমান ঐশী। তিনি বলেন, নতুন পরিবেশে কলেজজীবনের শুরুতে বড় ভাই-বোন ও শিক্ষকদের কাছ থেকে পাওয়া আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করেছে। ভালোভাবে পড়াশোনা করে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ মাহবুবুর রহমান (মানিক) নবীনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের নবীনরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে।
এছাড়াও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম. এ. রাজ্জাক।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।