
আদম আলী : “পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি। সুস্থ থাকি, নিরাপদ থাকি” এ শ্লোগান নিয়ে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার সকাল ১০ টায় হাসপাতাল চত্বরে যুব রেড ক্রিসেন্টের একদল স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে অংশ নেন।
অভিযানকালে হাসপাতালের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং এডিস মশার প্রজননক্ষেত্র যেমন, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণ করা হয়। একই সাথে মশা নিধনে ড্রেন পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে উপস্থিত সাধারণ মানুষ ও রোগীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। ছাদ, বারান্দা বা ফুলের টবে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও যুব স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ রেড ক্রিসেন্টের এই স্বেচ্ছাসেবী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
