
মোঃ শাখাওয়াত হোসেন সোহান : রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে অর্ণব ফার্টিলাইজারের বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ ও মানহীন সার উৎপাদন করার অভিযোগ উঠেছে। অর্ণব ফার্টিলাইজারের বিরুদ্ধে সরকারী আদেশ অমান্যসহ এলাকায় জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের হুমকির কারণে স্থায়ীভাবে কারখানা বন্ধের আইনি ব্যবস্থার আবেদন করেছে স্থানীয়রা। এলাকাবাসীদের পক্ষে আবদেনটি করেছেন এলাকার বাসিন্দা মোস্তফা আমীর ফয়সাল নামে এক ব্যাক্তি। তার আবদনের প্রেক্ষিতে কারখানাটি পরিদর্শন করেছেন রাজবাড়ী কৃষি অধিদপ্তরের তিন সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিচর চাঁদপুর গ্রামে অবস্থিত অর্ণব ফার্টিলাইজার সার কারখানাটি পরিদর্শন করেছেন। এসময় অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য এলাকাবাসিদের মতামত জানার জন্য প্রতিবেশি বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মতামত জানার চেষ্টা করেন তদন্ত কমিটি তিন সদস্য।
এসময় উস্থিত ছিলেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ ও সংরক্ষন) রোকনুজ্জামান, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার গোলাম রাসুল ও রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান।
অভিযোগে উল্লেখ করা হয়, ডিগ্রীচর এলাকায় অবস্থিত “অর্ণব ফার্টিলাইজার” এবং এর সহযোগী প্রতিষ্ঠান “আমিন এগ্রো ফার্ম লিঃ দীর্ঘদিন ধরে পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ ও কৃষির মারাত্মক ক্ষতি সাধন করে আসছে। পাশাপাশি সার উৎপাদন করে রাতের আঁধারে পাচার করার সহ ইতিপূর্বে জেলা প্রশাসন এবং বিভিন্ন কার্যালয় এবং পরিবেশ অধিদপ্তর হতে পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য অপসারণ ও শর্ত পালনের নোটিশ প্রদান করা হলেও কারখানার মালিক মোঃ নূরুল আমীন প্রশাসনের এসকল নির্দেশ অমান্য করে বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন প্রকাশ্য ।
গত ২০২৫ সালের ৩ নভেম্বর এসিআই কোম্পানির পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার, রাজবাড়ী সদর কার্যালয়ে লিখিতভাবে জানানো হয় যে, উৎপাদিত “বাম্পার এসিআই ট্রাইকো কম্পোস্ট সার”-এর গুণগত মান ঠিক না থাকায় তারা রাজবাড়ীর এ কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। এ নির্দেশ সত্ত্বেও কারখানার মালিক প্রশাসনের অগোচরে অবৈধভাবে মানহীন ও ভেজাল সার উৎপাদন চালিয়ে যাচ্ছেন। উৎপাদিত গুণগত মানহীন সার দিনের বেলা মুরগীর খামারের গুদামে ফিডের (পশুখাদ্য) বস্তায় লুকিয়ে রেখে রাতের আঁধারে অবৈধভাবে পাচার ও বাজারজাত করছেন।
সার কারখানায় উৎপাদিত সারের গুণগত মান পরীক্ষার জন্য আবশ্যকীয় কোনো নিজস্ব ল্যাবরেটরি/পরীক্ষাগার নেই। গত ২০২৫ সালের ১৯ অক্টোবর সদর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নমুনা সংগ্রহ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট যশোর আঞ্চলিক গবেষণাগারে পরীক্ষা করা হয়। গবেষণাগারের ফলাফলে দেখা যায়, সারে জৈব কার্বন ও পটাশিয়ামের মারাত্মক ঘাটতি রয়েছে। সরকারি গবেষণাগারে সারটি মানহীন প্রমাণিত হওয়া সত্ত্বেও এবং আইনানুযায়ী সারের বস্তায় আবশ্যকীয় ব্যাচ নম্বর ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা উল্লেখ না করে সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও বেআইনিভাবে সার বাজারজাত করা হচ্ছে। প্রশাসনের কার্যালয় থেকে গত ২০২৫ সালের ২৯ জুন ৩ মাসের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ ও কারখানা শেডে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর, ঢাকা কার্যালয় থেকেও বাউন্ডারি দেয়াল নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার আদেশ প্রদান করা হয়। নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হলেও অদ্যাবধি কোনো সীমানা প্রাচীর বা শেড নির্মাণ করা হয়নি। এমনকি গত এপ্রিল মাসে প্রতিবেশী জমির মালিক সেলিম মিয়া উন্মুক্ত বর্জ্য অপসারণের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও এখনো পর্যন্ত তা অপসারণ করা হয়নি।
গত মার্চ রমজান মাসে খামারের বার্ড ফ্লু রোগে আক্রান্ত কয়েক হাজার মৃত মুরগী, পচা ডিম ও খামারের বর্জ্য কারখানার লাগোয়া পশ্চিম দিকের পুকুরে উন্মুক্তভাবে ফেলে রাখা হয়। ফলে পুরো এলাকায় চরম দুর্গন্ধ, মাছি ও মারাত্মক জীবাণুর সংক্রমণ ঘটে। এর ফলে ডিগ্রীচর চাঁদপুর গ্রামের বাসিন্দারা তীব্র শ্বাসকষ্ট, পেটের পীড়াসহ আশঙ্কাজনক স্বাস্থ্যঝুঁকিতে ভুগেছেন।
কারখানা সংলগ্ন জান্নাতুল বাকী গোরস্থানে লাশ দাফন করতে গেলেও দুর্গন্ধের কারণে মুসল্লিদের চরম কষ্ট হয়। গত ২০২৬ সালের মার্চ মাসে এলাকায় জানাযা, দাফন এবং রমজানের ইফতার ও নামাজের সময় খামার ও সার কারখানা হতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিদ শেখ কারখানা মালিক নূরুল আমীনের কাছে দুর্গন্ধের বিষয়ে প্রতিবাদ জানালে, নূরুল আমীন উপস্থিত শত শত মানুষের সামনে তাকে সহ এলাকাবাসীকে অপরাধমূলক ক্ষতিসাধন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রকাশ্য হুমকি প্রদান করেন।
ইতিপূর্বে সরকারের কার্যালয় ও স্থানীয় প্রশাসন বিভিন্ন মেয়াদে নির্দেশ প্রদান করলেও, গত কয়েক মাসে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা কৃষি কর্মকর্তা এবং স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তার বদলিজনিত স্থানান্তরের সুযোগ গ্রহণ করে কারখানার মালিক নূরুল আমীন আইন অমান্য করে পুনরায় অবৈধভাবে সার উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করেছেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অগোচরে ও বিভ্রান্ত করে এই সুযোগ নিয়ে নিয়মিত ভেজাল সার বাজারজাত করছেন, যা জনস্বার্থ ও প্রশাসনের আদেশের চরম অবমাননা বলে জানানো হয়। এলাকাবাসীর জনস্বাস্থ্য রক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং জাতীয় স্বার্থে ভেজাল সার উৎপাদন ও পাচার বন্ধে আইন অমান্যকারী “অর্ণব ফার্টিলাইজার” ও “আমিন এগ্রো ফার্ম”-এ অবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি সিলগালা ও স্থায়ীভাবে বন্ধ করা সহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান জানান ।
অভিযোগকারী মোস্তফা আমীর ফয়সাল জানান, এলাকাবাসীদের পক্ষ থেকে তিনি দুর্গন্ধ ও ছড়ানো অর্ণব ফার্টিলাইজার এই সার কারখানাটি বন্ধের জন্য আবেদন করেন। এই কারনে মোস্তফা আমির ফয়সালেরর বিরুদ্ধ একটি সাজানো মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলেও জানান তিনি আশা করেন তদন্ত কমিটি তাদের সঠিক তদন্ত সাপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনকরবে।
অর্ণব ফার্টিলাইজার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আমিন বলেন, আমার এ সার কারখানটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে প্রায় ২ শতাধিক লোক কাজ করে। প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করার কারণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে দুর্ভোগে রয়েছেন। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। তিনি চান প্রশাসন যেন তার প্রতিষ্ঠানটি আবার সচল করে সাধারণ কর্মজীবি মানুষের কাজের ক্ষেত্র তৈরী করে দেয়।
