
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে বোনের জমি দখল, মারধর, প্রাণনাশের হুমকি এবং ধার নেওয়া টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আপন ভাইয়ের বিরুদ্ধে গত ৪ আগষ্ট বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মোছাঃ আকলিমা খাতুন (৩৫) বলেন, তার বাবা মরহুম আব্দুল জলিল মল্লিক ২০০৯ সালে মেয়ের প্রাপ্য হিসেবে ২২ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। পরে ২০১৩ সালে বাবার আর্থিক সংকটের সময় আরও ১৯ শতাংশ জমি বাজারদরে কিনে নেন তিনি। বাবার অসুস্থতার কারণে ওই ৪১ শতাংশ জমি চাষাবাদের জন্য বাবার কাছেই রেখে দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৯ সালে বাবার মৃত্যুর পর নিজের জমি ফেরত চাইলে তার ভাই খোকন মল্লিক বিভিন্ন সময় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। দীর্ঘদিন পারিবারিকভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল ১১টার দিকে জমি ফেরত চাইতে গেলে খোকন মল্লিক ক্ষিপ্ত হয়ে আকলিমা খাতুনকে মারধর করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
এ ছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, কয়েক বছর আগে খোকন মল্লিককে কিস্তি থেকে উত্তোলন করা ৮০ হাজার টাকা ও নগদ ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩০ হাজার টাকা ধার দেওয়া হয়েছিল। বর্তমানে জমি নিয়ে বিরোধের জেরে ওই টাকা ফেরত না দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে আকলিমা খাতুন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
বালিয়াকান্দি থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়জনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
