
স্টাফ রিপোর্টার : “জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬” উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।
বুধবার (০৫ আগষ্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে রাজবাড়ী জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সকলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে শহীদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক রজনীগন্ধা পৌর মিলনায়তন কক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি জুলাই আন্দোলনের শহীদদের দেশের জন্য তাদের এই মহান ও ঐতিহাসিক আত্মত্যাগকে বিনম্র চিত্তে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে শহীদ ও আহত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি একটি বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতা ও পেশাদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন।
