Oplus_131072

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট গ্রামে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মৌরাট গ্রামের মৃত কানু চন্দ্র ঋষির ছেলে সুশীল চন্দ্র ঋষি (৭০) বাদী হয়ে পাংশা মডেল থানায় অভিযোগ দাখিল করেনঅ
তিনি অভিযোগে বলেন, তার বসতবাড়িতে গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় আসামী বাধন মন্ডল (৩০) সহ অজ্ঞাতনামা ১০-১২ জন আসামী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের দরজায় চড়-থাপ্পড় মেরে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করাসহ হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বাদীর ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাতনামা আসামী ফোন করে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি ও হুমকি প্রদান করে। দাবীকৃত চাঁদা না দেওয়ার প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টায় আসামীগন বাদীর বসতবাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ২ লক্ষ টাকা চাঁদা চায় এবং বাদীর ঘরের টিনের বেড়া, দরজা-জানালা কুপিয়ে ও ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাদী এবং তার পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগন পালিয়ে যায়।
এজাহারে তিনি আরও বলেন, সবাদীর সাথে পার্শ্ববর্তী গ্রামের ক্ষিরোদ কুমার ঋষি’র জমিজমা সংক্রান্তে বিরোধ ও মামলা চলমান রয়েছে। বাদীর এরুপ অভিযোগের ভিত্তিতে পাংশা মডেল থানায় গত ২৯ সেপ্টেম্বর মামলা রুজু হয়। এ ঘটনার সংবাদ পাওয়া মাত্রই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) এবং পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের একাধিক টিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও নিবিড় অনুসন্ধান পরিচালনা করেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতসহ জড়িত সকল আসামীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
