
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকা থেকে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউণ্ড তাজা কার্তুজসহ ২ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা গ্রামের মোঃ বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস (৩৬), রাজবাড়ী সদর উপজেলার মহিষখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মোঃ মোমিন মোল্লা (৪০)।


অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গত বুধবার (০৫ আগস্ট) মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।


অভিযান পরিচালনা কালে গত বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার সময় রাজবাড়ী সদর থানার পাচুরিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের আওতাধীন মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে একটি বিদেশী তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুইটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারপূর্বক মোঃ মোমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে দু’টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
অপর একটি অভিযানে গত বুধবার (০৫ আগস্ট) রাত সোয়া ১০টার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার ছোট ভাকলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওতাধীন জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় এবং তার নিকট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় তার নিকট থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ কেরানীগঞ্জ ঢাকার অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
