
সিরাজুল ইসলাম : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সাবেক পতিত সরকার অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে, ন্যুজ্য করে দিয়ে গেছে, মানুষের আয় ব্যয়কে ধ্বস করে দিয়ে গেছে, মানুষকে দরিদ্রের কষাঘাতে জর্জরিত করে পালিয়ে গেছে। আমরা সেই অর্থনীতিকে পূর্ণগঠন করে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। শুক্রবার ( ৭ আগষ্ট) সকাল ১১ টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছালে উপদেষ্টা এবং সংস্কৃতি প্রতিমন্ত্রীকে নিয়ে আসেন নেতাকর্মীরা। উপজেলা পরিষদ চত্বরে পৌছালে ফুল দিয়ে বরন করে নেয় উপজেলা প্রশাসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বক্তব্যে তিনি বলেন, গোয়ালন্দ উপজেলার জন্য আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। এখানে শিল্পকলা একাডেমি সহ কয়েক ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুব শিঘ্রই আপনাদের সাথে বসে সে বিষয়ে কথা বলবো। তাছাড়া পদ্মা সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা চাই সবাই মিলে-মিশে উন্নয়ন করতে, কোন ভেদাভেদ ও গ্রুপিং দেখতে চাই না।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস প্রমূখ। পরে এডিপির বিশেষ অর্থায়নে গোয়ালন্দ উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। পরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
