উৎসবমুখর আয়োজনে রাজবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ ” এ প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ীতে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, সমবায় পণ্য মেলা এবং আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
রবিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১২টার সময় জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
পতাকা উত্তোলনের পর সমবায়ের চেতনা, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিতে জেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে সমবায়ীদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত সমবায় পণ্য মেলার শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মীর মনির হোসেন, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁরা সমবায়ীদের উৎপাদিত পণ্য ও উদ্যোগের প্রশংসা করেন এবং সমবায়ভিত্তিক উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে দুপুর সোয়া ১২টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সমবায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা সভায় অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা সমবায় কর্মকর্তা আল-আমীন। তিনি তাঁর বক্তব্যে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসে সমবায়ের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে রাজবাড়ী জেলার সমবায় আন্দোলনকে নতুন উদ্যমে পুনরুজ্জীবিত ও গতিশীল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, মাফিয়া খাতুন, আবুল ফয়েজ আহমেদ, অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মিয়া। তাঁরা নিজ নিজ সমবায় সমিতির কার্যক্রম, সাফল্য, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সমবায় কার্যক্রমের গুরুত্ব ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বক্তব্য প্রদান করেন, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সাবেক সদস্য সচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপপরিচালক লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন সমবায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জেলার অকার্যকর ও নিষ্ক্রিয় সমবায় সমিতিগুলোকে পুনরায় কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জেলা সমবায় কর্মকর্তা ও বিআরডিবির উপপরিচালককে নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও বেকার জনগোষ্ঠীকে সংগঠিত করে পৃথক সমবায় সমিতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছোট ছোট ইউনিট গড়ে তুলে সমাজের সর্বস্তরের মানুষকে সমবায় আন্দোলনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, সমবায়ের প্রকৃত শক্তি নিহিত রয়েছে মানুষের সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের মধ্যে।
এ ছাড়া সমবায় পণ্য মেলায় অংশগ্রহণকারী সমবায়ীদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে তিনি তাঁদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, ব্যাপক প্রচার-প্রচারণা এবং অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে পণ্যকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির সমাপনী ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।