
সোহেল খান : “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, সহ-সভাপতি জাফর আলী মিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষের প্রসার এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সফল মৎস্যচাষিদের উৎসাহিত করতে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জলাশয়ে মৎস্য আহরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
এ সময় বক্তারা মৎস্যচাষিদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি শুরু হয়।
