ডেঙ্গু নিয়ন্ত্রণে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

বাসস : ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এবং সাধারণ মানুষকে সচেতন করে তুলতে প্রতিটি পাড়া ও মহল্লায় নিয়মিত মাইকিংয়ের পাশাপাশি জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়া রোধে সব সরকারি সংস্থাকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন সরকারপ্রধান।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।
মশা নিধনে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি জানান, পাড়া-মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করতে হবে।
এ ছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।