বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে পাঁচ দোকান ॥ ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ইমরুল হাসান সুমনের ফাতেমা ফার্মেসীতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিরাজুল হকের জাফির ষ্টোর মুদি দোকানে ৩ লাখ টাকা, জাহিদুল ইসলামের আস্থা ফার্মেসিতে ৬ লাখ টাকা, আব্দুল জলিল সরদারের রাইস মিলে ৪ লাখ টাকা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফতাবুজ্জামানের ‘মোল্লা ট্রেডার্স’ নামের পাটের দোকান। সেখানে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ঘর ও পাশের অন্যান্য ব্যবসায়ী মিলে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) ভোররাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার বাসস্ট্যান্ডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে পাটের দোকান, ফার্মেসি, মুদি দোকান ও রাইস মিলসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানাগেছে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বহরপুর বাজারের পাট ব্যবসায়ী আফতাবুজ্জামানের পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনের খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাজবাড়ী সদর ও কালুখালী ফায়ার সার্ভিসের ইউনিটও সেখানে যোগ দেয়। তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।