
আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিনির্বাপক মহড়া ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী এবং রোগীদের মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়।
কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের সহায়তায় হাসপাতাল প্রাঙ্গণে এ বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস, এম মাসুদ, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, ফায়ার অফিসার জিল্লুর রহমান, ডাক্তার, নার্স সহ অন্যান্যরা।
মহড়ার শুরুতে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি করে বিপদ সংকেত বাজানো হয়। হাসপাতালের কর্মীগণ রোগীদের দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করার কৌশল প্রদর্শন করা হয়। ফায়ার এক্সটিঙ্গুইশার বা অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম শেখানো হয়। হাসপাতালের নার্স ও কর্মচারীরা নিজেরাই সিলিন্ডার দিয়ে আগুন নেভানোর অনুশীলন করেন। রান্নাঘর বা ল্যাবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর সহজ উপায় দেখানো হয়। আগুনে পোড়া রোগীদের জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, এ মহড়া জরুরি মুহূর্তে সবার জীবন রক্ষা করতে সাহায্য করবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিয়মিত এমন মহড়া আয়োজনের ওপর জোর দেন।অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেওয়া হয়।
