রাজবাড়ীতে নতুন উপজেলা গঠনে গণশুনানি অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘পঞ্চকানন উপজেলা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের ওপর স্থানীয় জনসাধারণের মতামত জানতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় গণশুনানী অনুষ্ঠিত হয় । রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলায় অনুষ্ঠিত এ গণশুনানিতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহীন, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক হারুন-অর রশিদ, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।
প্রস্তাবিত ‘পঞ্চকানন উপজেলা’ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর, শহীদওহাবপুর, বসন্তপুর, মূলঘর এবং সুলতানপুর ইউনিয়ন নিয়ে গঠনের কথা বলা হয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ প্রশাসনিক ও নাগরিক সেবার মানোন্নয়নে পৃথক উপজেলার দাবি জানিয়ে আসছিলেন।
গণশুনানিতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। তবে কিছু স্থানীয় বাসিন্দা অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ এবং ভবিষ্যৎ প্রশাসনিক জটিলতা নিয়ে কিছুটা আশঙ্কাও প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসন সকলের মতামত ধৈর্যের সাথে শুনেছেন এবং প্রয়োজনীয় নোট নিয়েছেন। সব মিলিয়ে ‘পঞ্চকানন উপজেলা’ গঠনের প্রস্তাব নিয়ে রাজবাড়ীর নিমতলায় গণশুনানি ছিল উৎসবমুখর এবং শান্তিপূর্ণ। এই প্রস্তাব চূড়ান্ত হবে কি না, তা এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।