
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভার নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত শোভাযাত্রা চলাকালে নেতৃবৃন্দ সংগঠনের ৪৬ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গভীর চক্রান্ত করছে। বাংলাদেশ স্বেচ্ছাসেবকদল সকল চক্রান্ত প্রতিহত করতে মাঠে থাকবে ও কঠোর জবাব দিবে। তারা কোন হাইব্রিডকে দলে স্থান দিবে না। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
