গোয়ালন্দে খাদ্য মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবীতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

সিরাজুল ইসলাম : জনস্বাস্থ্য রক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল১১টায় গোয়ালন্দ বাজার প্রধান সড়ক এলাকার মেডিকেয়ারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ডাস বাংলাদেশ ও সিটিজেন নেটওয়ার্কের যৌথ আয়োজনে এবং সিএলপির সহযোগিতায় ‘জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ নজীর হোসেন মোল্লা, সরকারি কলেজের অধ্যপক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ মেডিকেয়ারে চেয়ারম্যান ডাঃ ওয়াজেদ জামিল, গোয়ালন্দ বিআরডিবি’র চেয়ারম্যান হামিদুল হক বাবলু,গোয়ালন্দ মেডিকেয়ারের এমডি জহিরুল ইসলাম কিরন, পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মুজিবুর রহমান খান জুয়েল, দৈনিক সংবাদের প্রতিনিধি শেখ রাজীব, শাপলা মহিলা সংস্থার ম্যানেজার খোরশেদ আলম প্রমুখ।
অবস্থানকর্মসূচী চলাকালে বক্তারা বলেন, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এর ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। রোগব্যাধি থেকে রক্ষা পেতে ভোক্তারা যেন সহজেই বুঝতে পারেন কোন পণ্যে কী পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে, সেজন্য খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করা প্রয়োজন।
তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে পারেন, সেজন্য অবিলম্বে ‘ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং’ ব্যবস্থা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।