
সিরাজুল ইসলাম : দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় সঠিক ও নিখুঁত তথ্য সংগ্রহের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ২টার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি সাইফুল হুদা-র সভাপতিত্বে প্রেস কনফারেন্সটি পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক উদ্দেশ্য ও বাস্তবায়নের কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে এবং সরকারি সুবিধা স্বচ্ছতার সাথে পৌঁছাতে তথ্য সংগ্রহের কাজটি অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হবে। এই জনকল্যাণমূলক উদ্যোগকে সফল করতে তিনি স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং সচেতনতা বৃদ্ধিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
প্রেস কনফারেন্সে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাপ্পী কুমার সাহা ছাড়া আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাসসহ সাংবাদিক ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
