রাজবাড়ীতে চিকিৎসায় অবহেলায় হৃদয়ের অকাল মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মোঃ শাখাওয়াত হোসেন : রাজবাড়ী সদর হাসপাতালে সাপে কাটা রোগী হৃদয়ের চিকিৎসায় চরম অবহেলা ও অব্যবস্থাপনার কারণে অকাল মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এবং রাজবাড়ী সদর হাসপাতাল সংলগ্ন সড়কে ‘রাজবাড়ীর সর্বস্তরের সচেতন জনগণ ও হৃদয়ের শোকসন্তপ্ত পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাড. জুয়েল রানা, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, মৃত হৃদয়ের মা সুমি আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম নিশ্চিত না করায় হৃদয় নামে তরুণটির করুণ মৃত্যু হয়েছে। এটি চিকিৎসায় অবহেলা নয়, বরং এক ধরনের হত্যাকাণ্ড। এসময় উপস্থিত রাজবাড়ীর সচেতন নাগরিক ও নিহত হৃদয়ের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানান এবং তিন দফা দাবি উত্থাপন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিহত হৃদয়ের মা সুমি আক্তার অঝোরে কেঁদে ফেলেন এবং সন্তান হারানোর বিচার দাবি করেন। যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক ফজলে রাব্বিসহ অন্যান্য বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এ অবহেলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এবং রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘন্টা মানসম্মত চিকিৎসা নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন থেকে উপস্থাপিত ৩ দফা দাবি সাপে কাটা রোগী হৃদয়ের চিকিৎসায় অবহেলাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সদর হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও অবহেলার দায় নিয়ে তত্ত্বাবধায়কের অবিলম্বে পদত্যাগ নিশ্চিত করতে হবে। হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসা এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।