বালিয়াকান্দি পৌরসভা নামে নতুন পৌরসভা প্রতিষ্ঠা করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালিয়াকান্দি পৌরসভা নামে নতুন পৌরসভা প্রতিষ্ঠা করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বরাবর রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদের আবেদনের (ডি.ও লেটারের) প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বালিয়াকান্দি পৌরসভা গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও সুস্পষ্ট মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে গত ১৭ই সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়। উপসচিব আশফিকুন নাহার, পিএইচডি স্বাক্ষরিত ওই পত্রে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ও ৪ ধারা অনুযায়ী প্রস্তাবিত পৌরসভা গঠনের বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসককে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ বালিয়াকান্দি উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী বরাবর একটি আধা-সরকারী পত্র দেন।
ওই পত্রে তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকা রাজবাড়ী-২ এর অন্তর্গত বালিয়াকান্দি উপজেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী জনপদ। এলাকাটি শিল্প, সাহিত্য, কৃষি, মৎস্য, প্রাকৃতিক ও মানবসম্পদে সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। এখানে উপজেলা পরিষদ, সরকারী-বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র, ব্যাংক ও বাজারসহ একটি আধুনিক শহরের সব ধরনের সুযোগ-সুবিধা ও অবকাঠামো বিদ্যমান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ প্রতীক্ষার পরও এই গুরুত্বপূর্ণ জনপদটি এখনো পৌরসভার মর্যাদা লাভ করেনি। ফলে এখানকার বিপুল জনগোষ্ঠী কাঙ্খিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বালিয়াকান্দিতে পৌরসভা প্রতিষ্ঠা করা হলে এখানকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ প্রেক্ষিতে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের দীর্ঘদিনের ন্যায় সংগত দাবী বিবেচনা করে বালিয়াকান্দি উপজেলায় দ্রুত একটি পৌরসভা প্রতিষ্ঠা করতে হবে।
ওই পত্রের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে বালিয়াকান্দি পৌরসভা গঠনের বিষয়ে তথ্য চাওয়া হয়।
ওই পত্রে প্রস্তাবিত এলাকার জনসংখ্যা, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব, অকৃষি পেশার হার, অকৃষি ভূমির হার, ইউনিয়ন ও মৌজার নাম, জে.এল. নম্বর, দাগ নম্বরসহ প্রস্তাবিত এলাকার তফসিল এবং ডিজিটাল ম্যাপের ১০০ কপি চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত এলাকার দাগগুলো পরস্পর সংযুক্ত কি না, এলাকাটি সেনানিবাসের বাইরে কি না এবং সরকারী অনুদান বা সাহায্য ছাড়া গত তিন বছরের গড় রাজস্ব আয় ও স্থানীয় আয়ের উৎস সম্পর্কেও তথ্য দিতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও মতামত পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক কার্যক্রম এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট পত্রে উল্লেখ করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে বালিয়াকান্দিতে পৌরসভায় উন্নীত করার যে দাবী রয়েছে, তা বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন গতি এসেছে।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক কল্যাণ চৌধুরী বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে বালিয়াকান্দি পৌরসভা গঠনের বিষয়ে তথ্য চেয়ে একটি পত্র দিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর পত্রটি পেয়েছি। ওই পত্রের বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।