
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের অধীন ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ হালিম আল রাজিকে যুব প্রধান মনোনীত করে পূর্ণাঙ্গ টিম গঠন করা হয়েছে।
রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, ভাইস-চেয়ারম্যান এ.বি.এম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম এবং ইউনিট লেভেল অফিসার মোঃ রফিকুল ইসলাম যৌথভাবে স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন। কমিটির বিষয়ে রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া এবং সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম যৌথ ভাবে বলেন, নতুন এ যুব কমিটি রাজবাড়ীতে রেড ক্রিসেন্টে সোসাইটির মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।
অন্যদিকে, জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী এক অফিসিয়ালপত্রে রাজবাড়ী ইউনিট নেতৃত্বের এই সময়োপযোগী সিদ্ধান্তের অধিক প্রশংসা করেন। তিনি নবগঠিত কমিটির যুব প্রধান মোঃ হালিম আল রাজিসহ সকল সদস্যকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তরুণ এই টিম মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
নেতৃত্ব ও স্বেচ্ছাসেবায় দীর্ঘ অভিজ্ঞতা: নবগঠিত কমিটির যুব প্রধান মোঃ হালিম আল রাজি শৈশব থেকেই নিজেকে সেবামূলক ও নেতৃত্বদানকারী কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন। রাজবাড়ী কিন্টার গার্টেন প্রাইমারি স্কুলে ‘স্কাউট কমান্ডার’ হিসেবে তার নেতৃত্বের যাত্রা শুরু। পরবর্তীতে আর.এস.কে ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে স্কাউট কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে ‘ক্যাবিনেট প্রধান’ হিসেবে সাফল্য অর্জন করেন।
পরবর্তীতে তিনি ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’ (বিএনসিসি) রাজবাড়ী সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট (প্লাটুন ইনচার্জ) এবং সুন্দরবন রেজিমেন্টের একজন গার্ড অফ অনার ক্যাডেট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাজবাড়ী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শৈশব থেকে আজ অব্দি জীবনের অধিকাংশ সময়ই তিনি ভলান্টিয়ারিজম ও অরাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে অতিবাহিত করছেন।
দায়িত্ব গ্রহণের পর যুব প্রধান মোঃ হালিম আল রাজি বলেন, “সদর দপ্তরের পরিচালক সায়মা ফেরদৌসী, রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, ভাইস চেয়ারম্যান এবিএম মনজুরুল আলম দুলাল, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম এবং ইউনিট লেভেল অফিসার মোঃ রফিকুল ইসলাম যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, কাজের মাধ্যমে আমি তার সর্বোচ্চ সম্মান রাখার চেষ্টা করব।”
১৫ সদস্যের পূর্ণাঙ্গ যুব কার্যনির্বাহী কমিটি: যুব প্রধান: মোঃ হালিম আল রাজি, উপ-যুব প্রধান-১: খন্দকার নাসিম রানা, উপ-যুব প্রধান-২: জান্নাতুল সুলতানা, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ: মেহরাব করিম সায়মুন (প্রধান), সাজিদ শাহরিয়ার (উপ-প্রধান), প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগ: সাহেরা (প্রধান), রাসেল প্রামাণিক (উপ-প্রধান), আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগ: আমিন মুন্সী (প্রধান), মোঃ রেজাউল (উপ-প্রধান), দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগ: মোঃ সাজিদ হাসান (প্রধান), জাহানারা ইয়াসমিন (উপ-প্রধান), স্বাস্থ্যসেবা বিভাগ: মোছাঃ শিউলী খাতুন (প্রধান), সোনালী খাতুন (উপ-প্রধান), তহবিল সংগ্রহ বিভাগ: সোনিয়া আক্তার সুইটি (প্রধান), আইরিন আক্তার রিতু (উপ-প্রধান)।
