গোয়ালন্দে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলুন উড়িয়ে এই আয়োজন উদ্বোধন করেন ইউএনও সাইফুল হুদা। পরে মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা, সাম্য ও মানবতার প্রতীক। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত হতে হবে, তবেই তারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত আমাদের সমাজে সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দেয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, সাংস্কৃতিক চর্চা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়তা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান খান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ এবং সহকারী অধ্যাপক লিয়াকত হোসেন হিমুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলবিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহার।