
মোঃ আমিরুল হক : আসন্ন ৬নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তইয়ুব হোসেন খান।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ডিবিপি বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। সকাল ১০টার দিকে ডিবিপি বাজারে পৌঁছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তইয়ুব হোসেন খান। পরে তিনি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। এ সময় তিনি ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দিয়ে আগামী নির্বাচনে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মোঃ তইয়ুব হোসেন খান বলেন, “মৃগী ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষিত, উন্নত ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হবে।”
তিনি বলেন, “আমি চেয়ারম্যান হওয়ার জন্য নয়, জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছি। সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”
তইয়ুব হোসেন খান আরও বলেন, মৃগী ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তৃণমূলের মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মাদকমুক্ত পরিবেশকে নিজের নির্বাচনী পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ডিবিপি বাজারে তইয়ুব হোসেন খানের গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়। তারা প্রার্থীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
তবে নির্বাচনে শেষ পর্যন্ত ভোটারদের রায়ই প্রার্থীদের গ্রহণযোগ্যতা ও জনসমর্থনের প্রকৃত চিত্র নির্ধারণ করবে এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
