রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় পুলিশের উচ্চ পর্যায়ের ৩ সদস্য তদন্ত কমিটির পরিদর্শন

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় আস্থা পোশাক শিল্প সাথে কাপড় ব্যবসায়ীদের বিরোধকে কেন্দ্র করে মারধর ও শ্লীলতাহানি রঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুর ২টায় রাজবাড়ী কাপড় বাজার সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশের উচ্চ পর্যায়ে গঠিত ৩ সদস্য’র তদন্ত কমিটির আহবায়ক ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী, সদস্য ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাকিলা সুলতানা, সদস্য রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক। এসময় রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটি ভুক্তভোগী নারী উদ্যোক্তা, বাজার ব্যবসায়ী পরিষদ, সাংবাদিকদের সাথে ঘটনার বিষয়ে কথা বলেন।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী বলেন, নারী উদ্যোক্তার লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। আজ তদন্ত সম্পন্ন করলাম। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী সদর থানার বিনোদপুর বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় জাকিয়া সুলতানার ‘আস্থা পোশাক শিল্প’ নামীয় প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নিলে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এ হামলায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় প্রেক্ষিতে জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করাসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মামলা রুজু হয়। এ ঘটনায় রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি ১নং ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ১নং ওয়ার্ড ধুঞ্চি ২৮ কলোনী এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (১৯) ও পৌরসভার ৮নং ওয়ার্ড ধূঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে।