দৌলতদিয়ায় পদ্মায় প্রচণ্ড স্রোত ও ফেরির যান্ত্রিক ত্রুটি : যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে যাওয়া ফেরি হামিদুর ৪ ঘন্টা পর উদ্ধার!

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : দেশের গুরুত্বপুর্ন নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচলকারী রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যান্ত্রিক ত্রুটি ও পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া চার নম্বর ঘাটে ভীড়তে পারেনি। যে কারণে ফেরিটি যাত্রি ও যানবাহন নিয়ে ঘাট থেকে কয়েক কিলোমিটার দুরে ভেসে যায়।
এ সময় ফেরিতে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে ফেরির সংশ্লিষ্টরা ঘাট কর্তৃপক্ষকে খবর দিলে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসির উদ্ধারকারী আইটি জাহাজ দিয়ে ফেরি হামিদুরকে উদ্ধারে চেষ্টা চালায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সকাল পৌনে ১০ টার সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসে। পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরিটি দৌলতদিয়ার চার নম্বর ঘাটে ভীড়তে পারেনি।
তিনি বলেন, প্রচন্ত স্রোতের কারণে ফেরিটি ঘাট থেকে কয়েক কিলোমিটার দুরে চলে যায়। স্রোতের কারণে আইটি জাহাজ ফেরি হামিদুরকে দৌলতদিয়ায় আনতে না পেরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নিয়ে বেলা ২ টার সময় আনলোডিং করা হয়েছে। পরে ওই ফেরির যাত্রীরা ফেরি খানজাহান আলীতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে আসে।