
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীতে পানি বৃদ্ধির ফলে ভাঙ্গন আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। কয়েকটি গ্রাম এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।
বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরবিলা এলাকায় গিয়ে দেখাযায়, গড়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাকা সড়ক ভেঙ্গে নদীতে চলে গেছে। বসতভিটা, কবরস্থান, ফসলী জমি ভাঙ্গনের কবলে পড়ার আতঙ্গে ভুগছে গ্রামবাসী। এছাড়াও মরাবিলা, কোনাগ্রাম, জামসাপুর, নারুয়া, সোনাকান্দর এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।
মরাবিলা গ্রামের বাসিন্দা তাজ উদ্দিন মন্ডল বলেন, গড়াই নদীর ভাঙ্গনে ৩বার বাড়ী সরিয়েছি। ভাঙ্গনে ফলে ভিটেবাড়ী হারিয়ে আজ নিঃস্ব। এ বছরও ঘরের পাশ দিয়ে ভাঙ্গন দেখা দিয়েছে। এবার ভাঙ্গলে আর বাড়ী করার জায়গা নেই। পথে বসতে হবে। এ কারণে সরকারের নিকট দ্রুত ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগের দাবী জানাচ্ছি।
একই এলাকার বাসিন্দা বকুল মন্ডল বলেন, গড়াই নদীর ভাঙ্গনের শিকার হয়ে মরাবিলা গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দা অন্যত্র বাড়ী-ঘর নির্মাণ করেছে। ভিটেবাড়ী, ফসলী জমি হারিয়ে নিঃস্ব। এ বছরও ভাঙ্গনের ফলে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। আমরা দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
নারুয়া গ্রামের বাসিন্দা বাপ্পী আহম্মেদ আক্কেল বলেন, গড়াই নদীর ভাঙ্গনে আমরা বাড়ীর অনেক অংশ নদীতে চলে গেছে। এবারও ভাঙ্গন দেখা দিয়েছে। ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ তাজমিনুর রহমান বলেন, গড়াই নদীর ভাঙ্গনের বিষয়টি জানতে পেরেছি। সেখানে জরুরী মেরামতের আওতায় জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
