
স্টাফ রিপোর্টার : সেবামূলক কাজ করতে জন প্রতিনিধি হওয়ার প্রয়োজন হয় না, মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন আন্তরিকতা ও ভালো মনমানসিকতা। আমরা সেই মনমানসিকতা নিয়েই এলাকার উন্নয়ন করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন।
গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডহরপাচুরিয়া গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেছেন।
এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বহরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ খালেক শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া সুমন মম। বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিজানুর রহমান, বিএনপি নেতা কোবাদ মন্ডল, মঞ্জু বিশ্বাস, মিলন শেখ, আজাহার আলী, খালেকুজ্জামান খালেক’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শেখ হাসিনা উন্নয়নের নামে সাধারণ মানুষের গলা কেটেছে, বহরপুরে উন্নয়নের কোন ছোয়া লাগেনি, তাই তার আসন্ন ইউপি নির্বাচনে রুবেল মাহমুদ সুমন কে চেয়ারম্যান হিসাবে পেতে চান।
চেয়ারম্যান প্রার্থী সুমন বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে বহরপুর ইউনিয়নের অবহেলিত এলাকাগুলো চিহিৃত করে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে কাঁচা পাকা সড়কের সংস্কার ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসময় তিনি দেশ ও জাতির উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, উন্নয়ন মূখী কর্মকান্ড পরিচালনার জন্য অর্থের পাশাপাশি ভালো মনমানসিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা প্রয়োজন। আমরা সেই দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছি।
