গোয়ালন্দে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা এলজিইডির প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল। প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাহামুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী প্রকৌশলী সৌরভ ভৌমিক।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট শিমুল কুমার কুন্ডু। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার নির্ধারণ এবং সংগৃহীত তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক, সমবায় কড়মকর্তা সাইফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে গ্রামীণ সড়ক উন্নয়ন করতে হলে বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই করা জরুরি। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় সড়কগুলোর বাস্তব অবস্থা, জনগণের চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে সড়ক যোগাযোগের বিষয়গুলো তুলে ধরেন।