পাংশায় অস্ত্র-গুলিসহ হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ ২টি হত্যা মামলার আসামি এবং তার সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মোঃ মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মোঃ শরীফ মোল্লা (৩০)।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় হাবাসপুর বেড়িবাঁধ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার একটি দল চরঝিকড়ী গ্রামের মোঃ তালেব মহুরির মেহগনি বাগানের উত্তর পাশে অভিযান চালায়। এ সময় হাবাসপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাংশা মডেল থানার এসআই মোঃ নাজমুল আলম বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাদের মুন্সী হত্যাসহ দুটি হত্যা মামলা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে। অন্যদিকে, শরীফ মোল্লার বিরুদ্ধে একটি দস্যুতা এবং তিনটি পুলিশ অ্যাসাল্টসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে পাংশা থানায় ২০২২, ২০২৪ সালে ও অন্যান্য সময়ে এসব মামলা দায়ের করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই আসামিকে বুধবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।