
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে অপহরণের ১৮ দিন পরও স্কুলছাত্রী (১৩) উদ্ধার করা যায়নি। এ ঘটনায় অভিযুক্তরা বাড়িতে অবস্থান করলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সপ্তম শ্রেণির ছাত্রী। পরে বিদ্যালয়ের গেটের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের কাছে খবর আসে। এর আগে অভিযুক্ত এক ব্যক্তি ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত এবং প্রেমের প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় মাহিম জোয়াদ্দার, মোকিম জোয়াদ্দার, বাতাসি বেগম, শারমিন বেগম অজ্ঞাতনামা ২-৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। তবে অভিযোগ দেওয়ার পরও মেয়েকে উদ্ধার করা হয়নি বলে দাবি পরিবারের। অভিযুক্তরা নিজ বাড়িতে অবস্থান করছেন বলেও অভিযোগ ছাত্রীর বাবার।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার বলেন, ছাত্রী উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেইসাথে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
