
স্টাফ রিপোর্টার : বিরোধী দল অনেক সময় অনেক বিষয়ে মব সৃষ্টি করার চেষ্টা করে। অনেক সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডকে গালিগালাজ দিয়ে সেগুলো জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এমন মন্তব্য পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের।
তিনি আরও বলেছেন, ‘আপনারা তারেক রহমানকে নিয়ে যত রকম কটূক্তি করেন, যত রকম গালিগালাজ করেন, ওই মহান সংসদে দাঁড়িয়ে বিএনপির কোনো নেতা কোনো একটি কর্মকাণ্ডের সাধুবাদ করলে প্রধানমন্ত্রী তালি বাজিয়ে সমর্থন করে থাকেন।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের প্রস্তুতিতে দলের টেকনিক্যাল কমিটি ও প্রতিনিধি থাকবে। পদ্মা ব্যারাজ বাস্তবায়নের মধ্য দিয়ে রাজবাড়ী-পাবনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘পদ্মা ব্যারাজ এই অঞ্চলের লাখ লাখ মানুষের প্রাণের দাবি ছিল দীর্ঘদিন ধরে। পদ্মা ব্যারাজ হলে নদীর নাব্যতা ফিরে আসবে, নদীতে মাছ চাষ করা যাবে এবং ব্যারাজের মাধ্যমে সেচের সুবিধা পাওয়া যাবে। এর মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা দূর হবে।’
তিনি বলেন, ‘আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলাম। তিনি নির্বাচনী ইশতেহারে অনেকগুলো ওয়াদা করেছেন। তিনি প্রমাণ করেছেন, রাজবাড়ী-২ আসনে হারুন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে পারলে পদ্মা ব্যারাজ হবেই।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমাদের শীর্ষনেতা আজ যেখানে পৌঁছেছেন, আমি মনে করি রাজবাড়ী-পাবনার প্রত্যেক নেতাকর্মীর কাছে আহ্বান- আমাদের প্রধানমন্ত্রী তার জীবনযাপনের মাধ্যমে নিজেকে সাধারণ মানুষের মতো করে তুলেছেন। আসুন, আমরাও সেভাবে নিজেদের তৈরি করি।’
পদ্মা ব্যারাজের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পদ্মা ব্যারাজের প্রস্তুতিতে দলের টেকনিক্যাল কমিটি থাকবে, দলের প্রতিনিধি থাকবে। আমি আশা করব, আপনারা এর পক্ষে থেকে সহযোগিতা করবেন। যার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ শত শত বছর ধরে পদ্মা ব্যারাজের যে সুখ ও জীবনের প্রত্যাশা করে আসছেন, সেই প্রত্যাশা পূরণ হবে।’
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অনেকে উপস্থিত ছিলেন।
