গড়াই নদীর পানি সতর্কসীমায় নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১২ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা এবং এসব এলাকার সংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।
পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় গঙ্গার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় গড়াই নদীর পানি বেড়েছে। আগামী এক দিন এ নদীর পানি আরও বাড়তে পারে এবং পরের দুই দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সময়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।