কালুখালীর মৃগী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাকিবুল ইসলাম : সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবাব (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ালী বথুন্দিয়া পাঁচুরিয়া উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
৬নং মৃগী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সাব্বির ইরফানের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে পুরো মাঠ, শ্রেণিকক্ষের আশপাশ, স্কুলে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে কীটনাশক স্প্রে এবং ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিকের পাত্র অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত হিসেবে ছিলেন দেওয়ালী বথুন্দিয়া পাঁচুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম,মৃগী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ রাসেল ইভান, রাজবাড়ী সরকারি কলেজ, পাংশা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীবৃন্দ সহ ছাত্রদলের নেতাকর্মী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, “বর্তমান সময়ে ডেঙ্গু একটি আতঙ্কের নাম। ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীরা এতে সচেতন হবে এবং নিজেদের বাড়ির আঙিনাও পরিষ্কার রাখতে উৎসাহিত হবে।”
মৃগী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সাব্বির ইরফান বলেন, ” প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। শুধু রাজনীতি নয়, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। মৃগী ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় ও এলাকাবাসী ইউনিয়ন ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, তরুণ প্রজন্মের এমন কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।