
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত গোয়ালন্দ উপজেলা টাস্কফোর্স কমিটির এ অভিযানে ১ লক্ষ ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অংশে এ অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসীন হাসান ও আরিফ হোসাইন। এসময় তার সাথে ছিলেন, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, স্টেনো মোঃ মোফাজ্জেল হোসেন এবং দৌলতদিয়া নৌ-পুলিশের ৫সদস্যের একটি চৌকস টিম।
অভিযান শেষে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকালে একটি ইঞ্জিন চালিত ট্রলার যোগে তারা পদ্মা নদীর রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অংশে অভিযান পরিচালনা করেন সেই সময় তাদের সাহায্যার্থে স্পিড বোট যোগে দৌলতদিয়া নৌ -পুলিশের একটি টিম অংশগ্রহণ করে। অভিযান টিমের উপস্তিতি টের পেয়ে নদীতে অবৈধ ইলিশ শিকারীরা তাদের জাল ফেলে পালিয়ে যায়। আভিযানিক টিম নদী থেকে ১লাখ ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ( যার বাজার মূল্য ১৮লাখ টাকা) । জব্দকৃত জাল রাজবাড়ী সদরের মৌলভিঘাট এলাকায় পদ্মা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সাথে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানা মাদরাসায় বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব উল হক বলেন, ২১ অক্টোবর থেকে ২২ অক্টোবর দুপুর পর্যন্ত ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১লক্ষ ৫২ হাজার মিটার জাল, ১১ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় ৩২ হাজার টাকা জরিমানা, নিলাম থেকে আয় ২৫ হাজার ৫শত টাকা এবং ৪জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেছেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মহসীন হাসান, আরিফ হোসাইন এবং রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরী।
