
সোহেল রানা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে “নজরুল বর্ষ ২০২৬”। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ্রহণে সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা এবং উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নজরুলের মানবিক চেতনা, সাহিত্য ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
