কালুখালী থানা ভবনের নির্মাণ কাজে ধীরগতি : চুক্তির মেয়াদ শেষের পথে

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

সোহেল রানা : রাজবাড়ীর কালুখালী থানা ভবন নির্মাণ কাজে চরম ধীরগতির অভিযোগ উঠেছে। প্রকল্পের চুক্তির মেয়াদ শেষের দিকে চলে এলেও এখনো দৃশ্যমান অগ্রগতির অভাবে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থায়ী থানা ভবন নির্মাণ কাজ শেষ না হওয়ায় থানায় কর্তব্যরত কর্মকর্তারা বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজবাড়ী গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ী জেলার ৬ তলা ভিত বিশিষ্ট কালুখালী থানার ১ম ও ২য় তলার (সিভিল, স্যানিটারী, বৈদ্যুতিক ও ভূমি উন্নয়ন) অবশিষ্ট নির্মাণ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৬৮ টাকা ১৯ পয়সা। কার্যাদেশ অনুযায়ী, এ প্রকল্পের কাজ শুরুর হয় ২০২৫সালের ২ ডিসেম্বর এবং চুক্তির মেয়াদ নির্ধারিত করা হয়েছে ২০২৭ সালের ০২ জুন পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ১৬/৮, ইন্দিরা রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫ এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাবর অ্যাসোসিয়েটস।
স্থানীয় আলমগীর শেখ, আনিসুর রহমান, হাবিব বলেন, নির্ধারিত সময়সীমা মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও ধীরগতির কারণে কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে না। একটি আধুনিক ও পূর্ণাঙ্গ থানা ভবনের অভাবে অস্থায়ী কাঠামোতে পুলিশি কার্যক্রম পরিচালনা করতে নানা ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা সংকটের মুখোমুখি হতে হচ্ছে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সুধী সমাজ। তারা চান ঠিকাদারি প্রতিষ্ঠান যেন দ্রুত জনবল বাড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে ভবনটি বুঝিয়ে দেয়।
বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ৩-৪জন শ্রমিক কাজ করছেন। এ ভবনের নিচতলা ছাদ ঢালাই দিয়ে দ্বিতীয় তলার কাজ কোন মতো চলছে। তবে সেখানে কোন তদারকি কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
শ্রমিকরা বলেন, ঠিকাদারী কর্তৃপক্ষের কেউ নেই। তাদের কাছে কারো নম্বর নেই।
রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম বলেন, থানা ভবন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্টানকে বলা হয়েছে। আশা করছি যথাসময়েই কাজ শেষ হবে।