কালুখালীতে ভুয়া ডাক্তারের আল্ট্রাসনোগ্রাফি ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার: ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে ভুয়া ডাক্তার সেজে আল্ট্রাসনোগ্রাফি করা, ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহারসহ নানা অনিয়মের দায়ে ‘সালেহা সামাদ হেলথ সার্ভিসেস’ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব ত্রুটি সংশোধন ও লাইসেন্স হালনাগাদের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, অভিযান সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারটির মালিক আবু হোসেনের কোনো স্বীকৃত এমবিবিএস ডিগ্রি নেই। তা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে নিজের নামের আগে ‘ডাঃ’ পদবি ব্যবহার করে আসছিলেন এবং নিয়মবহির্ভূতভাবে নিজেই রোগীদের আল্ট্রাসনোগ্রাফি করতেন। এছাড়া অভিযানের সময় প্রতিষ্ঠানটির ল্যাবরেটরিতে নষ্ট ফ্রিজ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহারের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।এসব গুরুতর অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক আবু হোসেনকে ৩ হাজার টাকা  অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপস্থিত কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন স্পষ্ট জানিয়ে দেন, ‘এমবিবিএস ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কেউ আল্ট্রাসনোগ্রাফি করতে পারবেন না।’ তিনি আগামী ১৫ দিনের মধ্যে ডায়াগনস্টিক সেন্টারের সব সমস্যা সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার চূড়ান্ত নির্দেশ দেন।
কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন তার বিরুদ্ধে আমরা বিভিন্ন অনিয়ম পাওয়ার পর ভোক্তা অধিকার আইন ২০০৯ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেছি ও ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মধ্যে ঠিক না করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিবো।   তিনি আরো বলেন  জনস্বার্থে ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ধরনের ভেজাল ও প্রতারণাবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কালুখালী উপজেলার কোথাও কোনো প্রতারণা বা অবৈধ চিকিৎসাসেবা পরিচালিত হলে, তাৎক্ষণিকভাবে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।