
এস,এম হেলাল খন্দকার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আফজাল শেখ (৩৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আফজাল শেখ ফরিদপুর সদর উপজেলার সমসের ঘাট ডাঙ্গি গ্রামের কাশেম শেখের ছেলে। তিনি বালিয়াকান্দিসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফার্মেসিতে ওষুধ সরবরাহের কাজ করতেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রামদিয়া-বহরপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মোঃ সিহাব বিশ্বাস (২১) বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ি এলাকার শাহিদুল বিশ্বাসের ছেলে।
অপর আহত আফজাল শেখকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাসভবনে আফজাল শেখের জানাজা অনুষ্ঠিত হয়।
